
সিলেটের বিশ্বনাথে গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নৌকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) রাতে উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সুনামগঞ্জের জগন্নাথপুর থানার লহরী গ্রামের মৃত রহিম উল্লার ছেলে মোঃ রফু মিয়া মিটু (৩১) এবং ফেঞ্চুগঞ্জ থানার গিলাছরা গ্রামের মৃত কলম মিয়ার ছেলে শিপন মিয়া (২৮)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রফু মিয়া মিটুর বিরুদ্ধে এর পূর্বেও সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় দুটি মাদক মামলা রয়েছে। যাহার মামলা নং-১২/৬১, তাং ১৪-০৪-২০২৬ইং ও ১৬/২২৯, তাং-১৫-১২-২০২৫।
এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বিশ্বনাথ থানার এসআই (নিঃ) অনীক বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম কালিগঞ্জ বাজারে ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বাইশঘর গ্রামের আফরাজ আলীর খালি ভিটায় মাদক বেচাকেনা চলছে। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী নৌকা থেকে পানিতে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরাও পানিতে নেমে ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়। আটকের পর পুলিশ তাদের ব্যবহৃত ১১ ফুট লম্বা একটি কাঠের নৌকা তল্লাশি করে নৌকার ভেতর থেকে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের ১ কেজি শুষ্ক গাঁজা উদ্ধার করে। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত আনুমানিক ১০হাজার টাকা মূল্যের কালো রঙের নৌকাটি জব্দ করা হয়। গ্রেপ্তারের সময় আসামি রফু মিয়া মিটু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তিতে সামান্য আহত হন। পরে তাকে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা বিক্রির উদ্দেশ্যে এই গাঁজা নৌকাযোগে বহন করে নিয়ে এসেছিল।
এসআই অনীক বড়ুয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এবিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনর্চাজ (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের আইনী প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :