বিশ্বনাথে আ’লীগ নেতা ‘শামীম’ এর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল


alochitosnp07 প্রকাশের সময় : জুন ৫, ২০২৩, ৮:০৪ অপরাহ্ন /
বিশ্বনাথে আ’লীগ নেতা ‘শামীম’ এর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিম আহমদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আ’লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন। সোমবার (৫ মে) বাদ আসর পৌর শহরের নতুন বাজার থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর উপরে পথসভায় মিলিত হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলীর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম।

এসময় আরও বক্তব্য রাখেন পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিক আলী, যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল ও ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন।

উল্লেখ্য, গত ২০২০ সালে ১১ আগস্ট দুপুরে বিশ্বনাথ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগদান করতে গেলে স্থানীয় এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলা করা হয়। এ ঘটনায় এমপির এপিএস অসিত রঞ্জন দেব বাদী হয়ে দ্রুত বিচার আইনে ওই মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদকে। আর এই মামলায় গত ৩১ মে শামিম আহমদকে দুই বছরের সশ্রম কারাদন্ড দেন সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত।