
সিলেট-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দলের নাম ব্যবহার করে কেউ কোনো প্রকার অপরাধের সাথে জড়িত থাকতে পারবে না। দখলদারী, চাঁদাবাজী ও মাদকের সাথে জড়িতরা দলের কেউ নন। এসব অপকর্মের সাথে যারাই জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে সাথে সাথেই আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে আইন সবার জন্য সমান হবে এবং সবাইকে আইন মেনে চলতে হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলার সমন্বয় সভা, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে এমপি লুনা বলেন, “কেউ আইনকে বাদ দিয়ে দলীয় পদ-পদবী সামনে নিয়ে আসবে—তা বরদাশত করা হবে না। আপনারা (ইউএনও-ওসি) কোনো চাপের মুখে নতিস্বীকার করবেন না। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন।”
তিনি আরও বলেন, দীর্ঘদিনের অনিয়ম, অত্যাচার ও দুর্নীতির কারণে উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। দেশকে এগিয়ে নিতে এখন থেকে আর কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতির কারণে সাধারণ মানুষ কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এখন থেকে মানুষ যাতে কোনো প্রকার হয়রানি ছাড়া সরকারি সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এলাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের এই এলাকায় প্রবাসীরা দেশের রেমিট্যান্স যোদ্ধা। তারা দেশে এলে যাতে দ্রুততম সময়ে এবং কোনো প্রকার হয়রানি ছাড়াই সেবা পান, সেটি আমাদের শতভাগ নিশ্চিত করতে হবে।”
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুল হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস শহিদ, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম মেম্বার, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ফাহিমা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাশ, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ রঞ্জন দাশ, জনস্বাস্থ্য কর্মকর্তা রাসেল ভূঁইয়া, খাদ্যগুদামের ওসি অঞ্জন কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, একাডেমিক সুপার ভাইজার ফজলুর রহমান।
সভার শুরুর পূর্বে সিলেট-২ আসনের নব-নির্বাচিত এমপি তাহসিনা রুশদীর লুনাকে ফুল দিয়ে বরণ করেন প্রশাসন। এরপর এমপি উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ মাঠে বৃক্ষরোপন করেন। এসময় অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির সদস্য আবরার ইলিয়াস অর্ণব, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শাহ আমির উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :