
সালমান হোসেন,জুড়ী প্রতিনিধিঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের মুহতারাম অর্থ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী ফুলতলী বলেন,
তালামীযে ইসলামিয়া এমন একটি ইসলামী সংগঠন যা অন্য সব রাজনৈতিক সংগঠনের মত নয়। তালামীযে ইসলামিয়া আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ) এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কাজ করে যায়, দুনিয়ার লোভ লালসা বা ক্ষমতার আশায় তালামীযে ইসলামিয়া কাজ করেনা, এটি একটি দুনিয়া বিমুখ সংগঠন। তবে, দুনিয়া বিমুখ বলতে এটি নিঃস্ব কোন সংগঠন নয়। তালামীযে ইসলামিয়া দুনিয়া ও আখিরাতের সমন্বয়ে গঠিত একটি সংগঠন। আখিরাতের শান্তির জন্য দুনিয়ায় আল্লাহর সঠিকভাবে ইবাদতের প্রয়োজন আর এই সঠিকভাবে শান্তিতে ইবাদত করতে হলে মনের শান্তি প্রয়োজন, প্রকৃতভাবে তালামীযে ইসলামিয়া করলে সেই শান্তি অর্জন সম্ভব, কারণ এটি আল্লাহর ওলীর হাতে গড়া একটি কাফেলা,যার সম্পর্ক মদীনা পর্যন্ত। তবে তালামীযে ইসলামিয়া প্রয়োজন হলে রাজপথে নামতে এবং ন্যায়ের জন্য লড়াই করতেও দ্বিধা করেনা। ইসলামের উপর কোন আঘাত, রাসূল সাঃ এর শান ও মান ক্ষুন্ন করার পায়তারা, মুসলমানদের অধিকার, শিক্ষানীতি সংস্করণ ইত্যাদি বিষয়ে তালামীযে ইসলামিয়ার সফল আন্দোলনের ইতিহাস রয়েছে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদেরকে ভালোর চেয়ে ক্ষতির দিকেই বেশি ঠেলে দিচ্ছে,তাই সতর্কতার সাথে এইগুলো ব্যবহার করতে হবে।বিশেষ করে টিকটক ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।
২৬ আগস্ট ২০২৩, শনিবার, সকাল ১০ ঘটিকায় জায়ফরনগর ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসা হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী সদর জায়ফরনগর ইউনিয়ন শাখার আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান ইমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুমিত এর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন জুড়ী উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওঃ আব্দুস শহীদ।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার প্রচার সম্পাদক এনামুল হক চৌধুরী তাওহীদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগরীর অর্থ সম্পাদক মাহমুদুর রহমান, মৌলভীবাজার জেলার সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম. কামরুল ইসলাম, জুড়ী উপজেলা তালামীযের সভাপতি এমরান হোসেন।
আপনার মতামত লিখুন :