জুড়ীর একটি প্রাথমিক বিদ্যালয়ে সারাদিনে একটি ক্লাস


alochitosnp07 প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৩, ১০:৩৫ অপরাহ্ন /
জুড়ীর একটি প্রাথমিক বিদ্যালয়ে সারাদিনে একটি ক্লাস

সালমান হোসেন,জুড়ী প্রতিনিধিঃ  মৌলভীবাজারের জুড়ীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে সারাদিনে একটি মাত্র ক্লাস হয়েছে। উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কথা জানান।

প্রতিনিধি সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২.৩৭ ঘটিকায় আকস্মিক বিদ্যালয় পরিদর্শন করলে বেশ কিছু শিশুরা অনেকক্ষণ ধরে হইহুল্লোড় করতে শোনা যায়। শ্রেণি কক্ষে ঢুকে ওই শিক্ষার্থীদের সাথে এক প্রতিবেদকের কথা হয়। নিশাত তাসনিম, নাইমা জান্নাত নাবিলাসহ তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা বলেন আজ (সোমবার) এ পর্যন্ত (দুপুর ২.৩৭ ঘটিকা) মাত্র একটি ক্লাস হয়েছে। অন্যান্য দিনেও দুই/তিনটি ক্লাস হয়। পরিদর্শন কালে একজন শিক্ষিকা ক্লাস নিচ্ছিলেন এবং অপর দুই শিক্ষিকাকে পায়চারী করতে দেখা যায়। প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসেননি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা সুলতানা বলেন- বিদ্যালয়ের ৬ জন শিক্ষকের মধ্যে ১ জন আগে থেকেই ছুটিতে। একজন শিক্ষকের স্ত্রীর সন্তান হওয়ার সম্ভাবনা থাকায় তিনি আজ আসেননি এবং অন্য একজন প্রধান শিক্ষকের মায়ের জানাজায় যাবার কারণে প্রধান শিক্ষকও আজ বিদ্যালয়ে আসেননি। তৃতীয় শ্রেণিতে একজন ম্যাডাম প্রায় ৪০ মিনিট ইংরেজির ক্লাস নিয়েছেন। দীর্ঘ সময় ক্লাস হওয়ায় আর কোন ক্লাস নেয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: মহিউদ্দিন বলেন- এরকম অভিযোগ আগেও পেয়েছিলাম। তখন সরেজমিন পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে শিক্ষকদের কড়া সতর্কবার্তা দেই। আজকে আবারও একটি ঘটনা শোনলাম, এর বিহিত ব্যবস্থা নেয়া হবে।