খেলাধুলা মানুষের মননশীল চিন্তার বিকাশ ঘটায়: এমপি লুনা


alochitosnp07 প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৮:১০ অপরাহ্ন /
খেলাধুলা মানুষের মননশীল চিন্তার বিকাশ ঘটায়: এমপি লুনা

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, খেলাধুলা মানুষের মননশীল চিন্তার বিকাশের পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে। খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে মানুষ নেতিবাচক চিন্তাধারা থেকে দূরে থেকে সুন্দর ও সুস্থ চিন্তাভাবনা করার সুযোগ পায়। তাই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের খেলাধুলায় অংশগ্রহণ আমাদের সমাজের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির দর্পণ। মানুষ সব সময় সাংবাদিকদের কাছ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ আশা করে। সাংবাদিকরা কোনো নির্দিষ্ট দলের হতে পারেন না। তাই এমন কোনো কাজ করা উচিত নয় যাতে দেশের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্ত হয়। দেশ ও জাতির স্বার্থে আমাদের প্রত্যেকের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
মঙ্গলবার (৫ মে) বিকেলে সিলেটের বিশ্বনাথে প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২০২৫’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক উম্মে কুলসুম রুবি বলেন, “বিশ্বনাথে কাজ করতে গিয়ে দেখেছি, এলাকার স্বার্থে এখানকার সব সাংবাদিকরাই ঐক্যবদ্ধ। এলাকার উন্নয়ন ও অগ্রগতির জন্য সাংবাদিকদের এই ঐক্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সাংবাদিকতার যে মৌলিক ভিত্তি, তা আমি বিশ্বনাথের সাংবাদিকদের মধ্যে খুঁজে পেয়েছি। তারা ব্যক্তিগত স্বার্থের চেয়ে এলাকার গণমানুষের দাবি আদায়ে বেশি সোচ্চার।”
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন ও সহযোগী সমন্বয়কারী নবীন সোহেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।

এছাড়া বক্তব্য রাখেন ২য় বিশ্বনাথ মিডিয়া কাপের পৃষ্ঠপোষক ও সম্ভাব্য পৌর মেয়র পদপ্রার্থী মুমিন খান মুন্না, যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি টুনু তালুকদার, সাবেক সভাপতি আশিক আলী এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মিডিয়া কাপের সমন্বয়কারী প্রনঞ্জয় বৈদ্য অপু।
উল্লেখ্য বিশ্বনাথের ৩টি (বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন) সাংবাদিক সংগঠনের সদস্যদের অংশগ্রহনে অনুষ্ঠিত ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২০২৫’র পৃষ্ঠপোষকতা করেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট (ইউকে)’র সাধারণ সম্পাদক গোলজার খান, ট্রাস্টি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সেবুল মিয়া, লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের প্রধান সমন্বয়ক ও আসন্ন পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুমিন খান মুন্না, চেম্বার অব কর্মাস লন্ডন রিজিয়নের সদস্য তোফাজ্জল আলম তোফায়েল, বিশ্বনাথ গরীব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কালাম, শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আবুল বশর।