
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত কুকুরের সুরতহাল করেছে থানা পুলিশ। এছাড়াও সুরতহাল শেষে মৃত্যু সনদও দিয়েছে প্রাণী সম্পদ হাসপাতাল। সংঘর্ষে আহত ও কুকুর নিহতের ঘটনায় থানায় মামলাও দায়ের করা হয়েছে। মামলায় শ্রমিক লীগ নেতা ও নারীসহ ১৬ জনকে আসামী করা হয়। গত ২৪ জুলাই থানায় ওই মামলাটি দায়ের করেন উপজেলার শ্রীধরপুর গ্রামের আশিক আলী (৫০)।
জানা যায় ২৩ জুলাই ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীধরপুর গ্রামের আশিক আলী (৫০) ও শাহজাহান সিরাজ (৫৫) এর মধ্যে।
আর সংঘর্ষের ঘটনায় ও কুকুরের কামড়ে উভয় পক্ষে নারীসহ প্রায় ১১ জন আহত হয়েছেন। ওই সংঘর্ষের ঘটনায় আশিক আলীসহ তার পক্ষে আহতরা হলেন- ছালেক মিয়া (৩৮), মিছবাহ উদ্দিন (৩৫), শাকিল আলী (২৫), লিটন মিয়া (৩৮) ও জহিরুল ইসলাম (৪৫)। আর এই সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আশিক আলীর পক্ষের লোকের গৃহ পালিত জার্মান শ্যাপার্ড (রাগনার) পোষা কুকুর নিহত হয়।
এছাড়াও শাহজাহান সিরাজের পক্ষে আহত হন রেজিয়া বেগম (৪৫), সমতা বেগম (৩৫), আয়েশা বেগম (৩০), সেবুল মিয়া (৪৩), সজিব আলী মুসা (২৬), রেজা আলী (২১) ও কুকুরের কামড়ে ৬ বছরের শিশু রাজ মিয়া। আহদের মধ্যে আশিক আলীর পক্ষের ছালেক মিয়া ও শাহজাহান সিরাজের পক্ষের রেজিয়া বেগম গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
এঘটনায় কুকুর হত্যা ও আহতের বিষয় নিয়ে শাহজাহান সিরাজ তার স্ত্রী সন্তান’সহ ১৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন আশিক আলী।
আশিক আলী মামলায় উল্লেখ করেন, তারা মামলার হাজিরা দিয়ে বাড়িতে প্রবেশের সময় কথা কাটাকাটির এক পর্যায়ে শাহজাহান সিরাজের লোকজন এই হামলা করে।
আর শাহজাহান সিরাজ বলেন, আশিক আলীদের বিরুদ্ধে আমার দায়ের করা একটি মামলা চলমান রয়েছে। আমি মামলা তুলে না নেয়ায় তারা আদালতে হাজিরা দিয়ে বাড়িতে প্রবেশ করেই পোষা কুকুর সঙ্গে নিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে পোষা কুকুরের কামড়ে শিশু ভাগনা রাজ মিয়া ও হামলায় আমার পরিবারের সদস্যরা আহত হয়েছেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মোয়াজ্জেম হোসেন বলেন, এঘটনায় আশিক আলী বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আর কুকুরের সুরতহাল শেষে প্রাণী সম্পদ হাসপাতাল থেকে সনদও পেয়েছেন বলে জানান।
আপনার মতামত লিখুন :