‘আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি’র পুরস্কার বিতরণ


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন /
‘আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি’র পুরস্কার বিতরণ

সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি’র পুরস্কার বিতরণ করা হয়েছে। আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্ট প্রবর্তিত মেধাবৃত্তির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বৃত্তি বিতরণ করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামসুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে ডা. শামসুল ইসলাম বলেন, জীবনে সফলতার দেখা পেতে হলে সব কিছুর পূর্বে নিজেকে বদলাতে হবে শিক্ষার্থীদেরকে। আর যদি শিক্ষার্থীরা নিজেকে বদলাতে চায়, তাহলে কেউ তাকে আটকাতে পারবে না। বর্তমান সময়ে এসে শিক্ষার্থীদের অনেক সুযোগ ও সম্ভাবনা আছে। কারণ এখন প্রত্যেকটা শিক্ষার্থী একটা বিস্ময়, একটা সম্ভাবনা। আমি যখন কিছু কিছু শিক্ষার্থীর সাথে কথা বলি, দেখি তাদের মধ্যে সৃষ্টিশীল চিন্তাধারা আছে। আজকের শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশ গড়ার একেক জন নিপুন কারিগর হবেন। এতে সারা পৃথিবীতে বাংলাদেশের জয় জয়কার হবে।

আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম মেধাবৃত্তি বাস্তবায়ন কমিটির সভাপতি সুহেল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সল আহমদ সোবাহদারের পরিচালনায় অনুষ্ঠিত মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন বিশ্বনাথের প্রধান উপদেষ্টা ও উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, ছহিফাগঞ্জ সুলতানিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব হাসনু, নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত মালাকার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, খাজাঞ্চী একাডেমি পরিচালনা পরিষদের সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, শিক্ষিকা রেশমা বেগম। বক্তব্য রাখেন বৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য জিয়াউর রহমান, আতিকুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন খাজাঞ্চী একাডেমির শিক্ষার্থী সাফিউল ইসলাম তারেক ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শিক্ষক শাফায়াত উল্লাহ।

মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন ও পুরস্কার বিতরণ সুষ্ঠ-সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় মেধাবৃত্তি বাস্তবায়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক’সহ সকল সদস্য ও এর সাথে সংশ্লিষ্ট সকল এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি।

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ নভেম্বর খাজাঞ্চী ইউনিয়নের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬টি কিন্ডারগার্টেন ও ৪টি ইবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেণীর ১৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্ট প্রবর্তিত ‘আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি পরীক্ষা’।