
সিলেটের বিশ্বনাথে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে বিভাগীয় কমিশনারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে এ স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী সদস্য মোঃ ফজল খান ও বিশ্বনাথ পৌরসভার প্যানেলে মেয়র রফিক হাসান ও কাউন্সিলর ফজর আলী, জহুর আলী, মুহিবুর রহমান বাচ্চু।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, বিশ্বনাথ পৌরসভা ৪নং ওয়ার্ড কালিগঞ্জ বাজারে অবৈধ আল ফালাহ ব্রিক ফিল্ড ও আল আমিন ব্রিক ফিল্ড নামে দুইটি ইটভাটা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণ করছে ও কৃষি জমি খনন করে মাটি উত্তোলন করে কৃষি জমির মারাত্মক ক্ষতি করে আসছেন। পাশাপাশি যে স্থানে এই দুইটি ইটভাটা স্থাপন করেছেন তার মধ্য দিয়ে বিশ্বনাথ-জগন্নাতপুর মেইন সড়ক রয়েছে এবং প্রায় ২০-৪০০ (বিশ-চার শত) মিটারের মধ্যে ১টি আল ইশাদ লতিফিয়া মাদ্রাসা, ২টি হাফিজ মাদ্রাসা, ১টি মহিলা মাদ্রাসা, ১টি জনকল্যাণ প্রাথমিক বিদ্যালয়, ১টি জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, ১টি কালিগঞ্জ বাজার, ৬টি গ্রাম যথা- দতা, একাতিরা, ধুপাকলা, গন্ধার কাপন, আলাপুর, মৌজপুর সহ আশপাশে আরো ৪/৫টি গ্রাম রয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৫শ থেকে ১৭শ শিক্ষার্থী রয়েছে। আমাদের প্রত্যেকের সুস্থ জীবন হুমকির সম্মুখীন হচ্ছে। আমাদের এলাকার বাতাস দূষিত হওয়ার কারণে সিংহভাগ মানুষের হার্টের সমস্যা, চর্ম রোগ সহ নানান রোগে ভোগছি। ফসলি গাছে ফসল আসে না।
তারা আরও উল্লেখ করেন, আমরা এই দুইটি ইটভাটা বন্ধের দাবি জানিয়ে অনেক দিন ধরে ইটভাটার কতৃপক্ষের সাথে কথা বলেছি। পত্র পত্রিকায় অনেক লেখালিখি হয়েছে, মানববন্ধন করেছি, সর্বশেষ বিশ্বনাথ পৌরসভা বরাবরের লিখিত অভিযোগ করেছি। ইতিমধ্যে আল আমিন নামে প্রতিষ্ঠানের মালিক উক্ত ইটভাটা বন্ধ করে দিয়েছেন। কিন্তু আল ফালাহ ব্রিক ফিল্ড চলমান থাকায় বিশ্বনাথ পৌরসভা পক্ষ থেকে আইনশৃঙ্খলা মিটিং এ উক্ত ইটভাটা বন্ধ করে দেওয়ার জন্য রেজুলেশন পাস করেছেন। বিশ্বনাথ পৌরসভা ২০২৩-২৪ সনের ট্রেড লাইসেন্স না দিয়ে আইনগত ভাবে ইটভাটা অপসারণের জন্য পর পর ৩টি নোটিশ দেওয়া হয়েছে। এবং পৌরসভার পক্ষ থেকে উর্ধতন কতৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেওয়া হয়েছে। কিন্তু ইটভাটা স্বত্বাধিকারী প্রভাবশালী বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক সাহেব আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছেন।
সঠিক তদন্ত করে আইনগতভাবে এই অবৈধ আল ফালাহ ব্রিক ফিল্ড বন্ধ করতে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনারের নিকট দাবি জানান তারা।
আপনার মতামত লিখুন :