
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন থেকে প্রথম নারী এমপি প্রার্থী হিসেবে আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র একক মনোনয়ন পেয়ে তিনি নির্বাচনী মাঠের ভোট যুদ্ধে ঐতিহাসিক রেকর্ড গড়তে যাচ্ছেন। যদিও ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেই গড়তে পারতেন। কিন্তু সে সময় তীরে এসে তাঁর তরী ডুবে যায় আদালতের এক নির্দেশনায়। ভোটের মাত্র কয়েক দিন পূর্বেই বাতিল হয় তাহসিনা রুশদীর লুনার মনোনয়ন। ফলে এবারই তিনি প্রথম বারের মতো পূর্ণাঙ্গভাবে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন।
স্থানীয় রাজনীতিতে তাহসিনা রুশদীর লুনার হাত ধরেই ঐতিহাসিক পরিবর্তন আসা এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র। বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপার্সন ও একাধিক বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেস্টা মন্ডলীর সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয়া থাকা তাহসিনা রুশদীর লুনা সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপির সাবেক কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহধর্মীনি।
প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ নির্বাচনী আসনটি দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা এম. ইলিয়াস আলীর দুর্গ হিসেবেই পরিচিত। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে নিখোঁজ হওয়ার পর থেকে শক্ত হাতে দক্ষতার সাথে ওই অঞ্চলের রাজনীতির হাল ধরেছেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। আর ইলিয়াস আলীর অনুপস্থিতিতেও দীর্ঘ এই ১৩ বছরে অনুষ্ঠিত ‘জাতীয় বা স্থানীয়’ যে কোন নির্বাচনেই ইলিয়াস পরিবারের আশির্বাদ নিয়ে যারাই প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারাই হেসেছেন বিজয়ের শেষ হাসি। তাই এবারের নির্বাচনে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনাকেই ঘিরে স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক আবেগ ও সহমর্মিতা কাজ করছে।
তাহসিনা রুশদীর লুনা ছাড়া সিলেট-২ আসনে ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় জোটের সমর্থিত প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী (দেওয়াল ঘড়ি), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা মোঃ আমির উদ্দিন (হাতপাখা) এবং গণফোরামের মনোনীত প্রার্থী মোঃ মুজিবুল হক (উদীয়মান সূর্য)।
সিলেট-২ আসনের সাধারণ ভোটারদের মতে, একজন নারী প্রার্থী হিসেবে লুনার মনোনয়ন বিএনপির রাজনীতির জন্য নতুন এক মাইলফলক। নির্বাচনী প্রচারণায় লুনার পক্ষে ইতোমধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করছেন স্থানীয় বিএনপি নেতারা। তাছাড়া ধানের শীষের বিজয়ে অংশিদার হতে দেশে এসেছেন প্রবাসীদের বড় একটি অংশ।
ধানের শীষের কান্ডারী তাহসিনা রুশদীর লুনা জানিয়েছেন, মানুষ ‘হারানো গণতন্ত্র এবং নিখোঁজ এম. ইলিয়াস আলী’সহ গুম হওয়া বিএনপির নেতাকর্মীদের ফিরে পাওয়ার লড়াইয়ের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের মানুষের অধিকার আদায়ের জন্য শেষ পর্যন্ত লড়াই অব্যাহত রাখব।
আপনার মতামত লিখুন :