
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ধানের শীষের প্রার্থী ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, “জননেতা এম. ইলিয়াস আলীর উন্নয়ন ও তাঁর ওপর হওয়া নির্যাতনের কথা মনে করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিন। ধানের শীষের বিজয় মানেই জনগণের বিজয় এবং উন্নয়ন-অগ্রগতির বিজয়।”
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এ অঞ্চলের মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন অবশ্যই বাস্তবায়িত হবে।”
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সিলেটের বিশ্বনাথে প্রতীক বরাদ্দের পর ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে আয়োজিত প্রথম প্রচার মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ প্রবাসী চত্বরে এই পথসভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সওজের ডাকবাংলোর সামনে জড়ো হন। সেখান থেকে এক বিশাল প্রচার মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিন প্রচার মিছিলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বাবার প্রতীক ‘ধানের শীষ’ হাতে নিয়ে মায়ের সঙ্গে ভোট প্রার্থনা করেন ইলিয়াস-লুনা দম্পতির দুই ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও লাবীব শারার। এসময় ছাদখোলা গাড়িতে মায়ের সঙ্গে ছিলেন একমাত্র মেয়ে সায়ারা নাওয়াল। মিছিলের অগ্রভাগে ছিলেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোট ভাই ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এম আছকির আলী।
বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রবাসী বিএনপি নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :