ইলিয়াস আলীর শুরু করা উন্নয়নের ধারা আরও বেগবান করা হবে: গোয়ালাবাজারে তাহসিনা রুশদীর লুনা


alochitosnp07 প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৬, ৮:৫০ অপরাহ্ন /
ইলিয়াস আলীর শুরু করা উন্নয়নের ধারা আরও বেগবান করা হবে: গোয়ালাবাজারে তাহসিনা রুশদীর লুনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, “বিশ্বনাথ ও ওসমানীনগরে এম. ইলিয়াস আলীর হাতে যে উন্নয়নের জোয়ার শুরু হয়েছিল, ধানের শীষের বিজয় নিশ্চিত হলে সেই ধারাবাহিকতাকে আরও বেগবান করা হবে। তাঁর স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন ও আধুনিক জনপদ গড়ে তোলা, যেখানে গ্রাম ও শহরের মানুষ সমান নাগরিক সুবিধা পাবে। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, “ইলিয়াস আলীর সময়ে এই অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে যে শক্ত ভিত তৈরি হয়েছিল, তা পুনরায় সংস্কার ও শক্তিশালী করা হবে। আমাদের লক্ষ্য হলো স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা। কোনো এলাকা বা জনগোষ্ঠী অবহেলিত থাকবে না। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই এই অঞ্চলে ন্যায়ভিত্তিক ও টেকসই উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে।”

গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মন্নান বক্সের সভাপতিত্বে এবং বিএনপি নেতা আব্দুর রকিবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সহ-সভাপতি আবদুল জলিল ও মানিক মিয়া চেয়ারম্যান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ, বিএনপি নেতা নজরুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার, বিএনপি নেতা কামরুল ইসলাম, জমিয়ত নেতা মাওলানা মঈন উদ্দিন, যুব জমিয়ত নেতা হাফিজ মো. মনছুর, যুক্তরাজ্য বিএনপি নেতা হাবিবুর রহমান তারণ, সাজিদ মিয়া, মুদাচ্ছের খান, মামুন আহমদ, জামিল আহমদ, বিএনপি নেতা জমির আহমদ, যুবদল নেতা ফজল আহমদ জনি, ইসলাম উদ্দিন, সুহেল আহমদ, জুবের আহমদ, জুনায়েদ আহমদ প্রমুখ।

জনসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাহসিনা রুশদীর লুনাকে জয়যুক্ত করার আহ্বান জানান।